খবর লাইভ : আগামী সোমবার, ২২ ফেব্রুয়ারি ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেদিন তাঁর নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো প্রকল্পের উদ্বোধনের পাশাপাশি কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের অনুষ্ঠানেও যোগ দেওয়ার কথা আছে। এরপর তাঁর হুগলির সাহাগঞ্জের ডানলপ কারখানার মাঠে সভা করার কথা রয়েছে। সম্প্রতি এই হুগলিতে উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষাল তৃণমূল ছেড়ে এখন বিজেপিতে যোগ দিয়েছেন। গত লোকসভা ভোটে হুগলি লোকসভা কেন্দ্রটি বিজেপির দখলে যায়। সাংসদ হন বিজেপির লকেট চট্টোপাধ্যায়। হুগলি পার্শ্ববর্তী হাওড়াতেও তৃণমূলে ভাঙন ধরাতে সক্ষম হয়েছে বিজেপি। এবার ভোট সংগঠনকে আরও চাঙ্গা করতে ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী।
তবে তৃণমূলও হাল ছাড়তে নারাজ। জানা গিয়েছে, প্রধানমন্ত্রী সভা করে যাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে পাল্টা সভা করবে তৃণমূল। সেই সভায় বক্তব্য রাখবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।




