খবর লাইভ : বিজেপির সঙ্গ ত্যাগ করে এবার রাজ্যে আলাদা করে ভোটের ময়দানে নামছে হিন্দু সংহতি। এই সংগঠনটি এবার ‘জন সংহতি’ নাম নিয়েই এবার রাজনৈতিক ময়দানে নামছে। তাদের মূল লক্ষ্য, রাজ্যের হিন্দু ভোটকে নিজেদের দখলে নেওয়া। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা এই রাজ্যে ১৭০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। রাজনৈতিক মহলের ধারণা, জন সংহতি আলাদাভাবে ভোটের ময়দানে লড়ার ফলে রাজ্যে বিজেপির ভোটে কিছুটা থাবা তারা বসাবে। এতে বিজেপির দুশ্চিন্তা কিছুটা বাড়বে। ইতিমধ্যে আগে থেকেই শিবসেনা এই রাজ্যে প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করে রেখেছে। তার উপর হিন্দু সংহতিও যদি ভোটের ময়দানে নামে তাহলে বিজেপির হিন্দু ভোট ব্যাঙ্ক কতটা অক্ষত থাকবে তা নিয়ে সন্দিহান অনেকেই।
উল্লেখ্য, ১৪ ফেব্রুয়ারি হিন্দু সংহতি নিজেদের প্রতিষ্ঠা দিবস পালন করে। এবার সেই দিনেই রাজ্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা জানিয়ে দিল হিন্দু সংহতি। এই হিন্দু সংহতির নেতা তপন ঘোষ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘেঘর প্রাক্তন প্রচারক ছিলেন। গত বছর তিনি করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত হন।




