খবর লাইভ : নবান্ন অভিযানে নিহত বামকর্মী মইদুল ইসলাম মিদ্যা জেএমবি জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এমনই অভিযোগ করেছেন আলিপুরদুয়ারে বিজেপির আইটি সেলের এক কর্মী। যা নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
আলিপুরদুয়ারের কামাখ্যাগুড়ির বিজেপির আই টি সেলের কর্মী দিবাকর দেবনাথ লেখেন, মইদুল ইসলাম মিদ্যার সঙ্গে জামাত জঙ্গিদের যোগ ছিল। নিজের দাবির সপক্ষে তিনি এনআইএ রিপোর্টের কথাও উল্লেখ করেন। উল্লেখ্য, গত ১১ ফেব্রুয়ারি নবান্ন অভিযানে গিয়ে প্রাণ হারাণ ডিওয়াইএফ আই কর্মী বাঁকুড়ার কোতুলপুরের বাসিন্দা
মইদুল ইসলাম মিদ্যা। পুলিশের বিরুদ্ধে অমানবিকতার অভিযোগ তুলে ইতিমধ্যে আদালতের দ্বারস্থ হয়েছে বামেরা। এরই মধ্যে বিজেপির আই টি সেলের এক কর্মীর মন্তব্য রাজ্য রাজনীতিতে তোলপাড় সৃষ্টি হয়েছে। এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে বাম যুব সংগঠনের জেলা সম্পাদক রাজু বন্দ্যোপাধ্যায় বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন দিবাকর দেবনাথ। তিনি কামাখ্যাগুড়ির বাসিন্দা। আমরা চাই, অবিলম্বে পুলিশ তাঁকে গ্রেফতার করুক। না হলে জেলাজুড়ে বড় আন্দোলন হবে।’


