খবর লাইভ : আগামী ২৫ ফেব্রুয়ারি রাজ্যে আসছেন মিমের প্রধান আসাদুদ্দিন ওয়েসি। কলকাতার কাছে মেটিয়াব্রুজে প্রথম সভা করবেন তিনি। কিন্ত মিম সূত্রে খবর, ওই সভায় ডাকা হচ্ছে না ফুরফুরা শরিফের পীরজাদা তথা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সদস্য আব্বাস সিদ্দিকিকে। এই খবর প্রকাশ্যে আসতেই রাজ্য-রাজনীতিতে শুরু হয়েছে নয়া জল্পনা। প্রশ্ন উঠছে, তাহলে কী আব্বাসের হাত ছেড়ে রাজ্যে একা লড়বে মিম?
উল্লেখ্য, জানুয়ারি মাসে ফুরফুরা শরিফে গিয়ে আব্বাসের সঙ্গে দেখা করে এসেছিলেন আসাদুদ্দিন ওয়েসি। তাঁদের মধ্যে একদফা বৈঠকও হয়। এরপর রাজ্যে নতুন দল ঘোষণা করেন আব্বাস সিদ্দিকি, যা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নামে খ্যাত। এরপর রাজ্য- রাজনীতিতে আরও একটি ঘটনা ঘটে। আব্বাস বাম-কংগ্রেসের কাছে বার্তা পাঠায় যে তারা বাম, কংগ্রেস জোটে সামিল হতে চাইছে। বামেদের সঙ্গে আব্বাসের আসন সমঝোতা কিছুদূর এগোলেও কংগ্রেসের সঙ্গে হয়নি। এদিকে, কংগ্রেস আগে থেকেই আব্বাসকে বলে রেখেছে, আব্বাস যদি মিমের সঙ্গে জোট করে তাহলে কংগ্রেসের তার সঙ্গে নেই। কারণ, কংগ্রেস মনে করে, মিমের সঙ্গে বিজেপির গোপন আঁতাত আছে।
এই পরিস্থিতিতে আসাদুদ্দিনের এই সভা রাজনৈতিক দিক থেকে বিশেষ গুরুত্বপূর্ণ।



