খবর লাইভ : চেন্নাইয়ে দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত জয় পেল ভারত। ৩১৭ রানে হারিয়ে দিল জো রুটের ইংল্যান্ডকে। অক্ষয় প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিনের ঘূর্ণির সামনে দাঁড়াতেই পারল না ইংল্যান্ড বাহিনী। এর আগে ইংল্যান্ড ভারতকে হারিয়েছিল। ফলে সিরিজের সমতা ফিরে এল।
গতকাল ৪৮২ রানের লক্ষ্যমাত্রা রেখে ব্যাট করতে নেমে গতকালই তিন উইকেট খুইয়ে ফেলে ইংল্যান্ড। ডম সিবলে, রোরি বার্নস ও জ্যাক লিচ আউট হয়ে যায়। এদিন শুরুতেই ড্যান লরেন্সকে ফেরান অশ্বিন। এরপর নিয়মিত ব্যবধানে একের পর এক উইকেট পড়তে থাকে। ড্রেসিংরুমে ফিরে যান বেন স্টোকস, অলি পোপ, বেন ফোকস। লাঞ্চের আগেই ইংল্যান্ডের ১১৬ রানে ৭ উইকেট পড়ে যায়। তবে এদিন টি-২০-র মেজাজে বাউন্ডারি, ওভার বাউন্ডারি হাঁকাতে দেখা যায় মঈন আলিকে। তিনটি বাউন্ডারি, পাঁচটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ১৮ বলে ৪৩ রান করেন মঈন। তিনিই দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের সর্বোচ্চ স্কোরার। দ্বিতীয় ইনিংসে অক্ষয় প্যাটেল ৫ উইকেট তুলে নেন। অশ্বিন পান ৩ উইকেট। দুই উইকেট পেয়েছে কুলদীপ যাদব। এই টেস্ট ম্যাচ জেতার ফলে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জয়ের দিকে আরও এক ধাপ এগোল ভারত।



