খবর লাইভ : শুধু বল হাতেই নয়, ব্যাট হাতেও সকলের মন জয় করে নিলেন রবিচন্দ্রন অশ্বিন। চিপকে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে নিজেই ৫ উইকেট নিয়েছিলেন, এবার দ্বিতীয় ইনিংসে দুরন্ত শতরান করে দলকে শক্ত ভিতের ওপর দাঁড় করিয়ে দিলেন তিনি। মূলত অশ্বিনের অনবদ্য ব্যাটিংয়ের ওপর ভর করেই ভারত দ্বিতীয় ইনিংসে ২৮৬ রানে পৌঁছে গেল। জিততে হলে ইংল্যান্ডকে এখন করতে হবে ৪৮২ রান।
এদিন অশ্বিন ১৪টি বাউন্ডারি ও ১টি ছক্কা হাঁকিয়ে করেন ১০৬ রান। ওলি স্টোনের বলে তিনি আউট হন। এনিয়ে টেস্ট কেরিয়ারে ৫টি সেঞ্চুরি করে ফেললেন চেন্নাইয়ের এই ক্রিকেটার। ক্রিকেট বিশেষজ্ঞরা এখনই অশ্বিনের মধ্যে কপিল দেবের ছায়া দেখতে শুরু করেছেন। এদিন অশ্বিন যাঁর সঙ্গে জুটি বেঁধে ভারতকে সম্মানজনক জায়গায় পৌঁছে দেন, তিনি হলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। কোহলির সঙ্গে অশ্বিন ৯৬ রানের জুটি বাঁধেন। ভারত অধিনায়ক ৬২ রানে আউট হয়ে গেলেও হাল ছাড়েননি চেন্নাইয়ের ভূমিপুত্র। শেষ অবধি কুলদীপ, ইশান্ত, সিরাজকে সঙ্গে নিয়ে লড়ে যান। শেষপর্যন্ত স্টোনের বলে ধরা দেন অশ্বিন। স্টোন এই ১টি উইকেটই পেয়েছেন।
এদিকে ইংল্যান্ডের বোলিং পারফরমেন্সেও ছিল স্পিনেরই দাপট। জ্যাক লিচ, মইন আলি পান ৪টি করে উইকেট। ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে স্পিনই যে দাপাবে, তা বলার অপেক্ষা রাখে না। সেক্ষেত্রে অশ্বিন কী আবার ভেল্কি দেখায়, সেদিকেই তাকিয়ে গোটা ক্রিকেট মহল।




