খবর লাইভ : একেই বলে ওস্তাদের মার শেষ রাতে! কিংবা বলা যায়, এভাবেও ফিরে আসা যায়! প্রথম দুই সেট খুইয়ে স্বপ্নভঙ্গের দোরগোড়া থেকে নাটকীয় প্রত্যাবর্তন নোভাক জকোভিচের। রোলাঁ গারোর লাল কোর্টে উড়ল সার্বিয়ান তারকার বিজয় পতাকা। ফরাসি ওপেনের ফাইনালে স্টেফানোস চিচিপাসকে ৬-৭ (৬-৮), ২-৬, ৬-৩, ৬-৩, ৬-৪ সেটে হারিয়ে সেরার মুকুট পরলেন জকোভিচ। তাঁর ঝুলিতে এখন ১৯টি গ্র্যান্ড স্ল্যাম খেতাব। সামনে শুধু ২০টি করে গ্র্যান্ড স্ল্যাম জেতা রজার ফেডেরার ও রাফায়েল নাদাল।
ফিটনেস আর প্রত্যাবর্তনের লড়াকু মানসিকতাতেই বাজিমাত সার্বিয়ান তারকার। এবারের ফরাসি ওপেনে নিজের পারফরম্যান্স দিয়ে রঙিন করে রেখেছেন চিচিপাস। রবিবার ছেলেদের সিঙ্গলসের ফাইনালের শুরুটা সেভাবেই করেছিলেন পঞ্চম বাছাই গ্রিসের এই তারকা। কিন্তু ৩ ও ৪ নম্বর সেটে জোকারের পাল্টা জবাবে কার্যত দিশেহারা হয়ে পড়েন চিচিপাস। অবশ্য ২২ বসন্ত পেরোনো যোদ্ধা চিচিপাসও এত সহজে হাল ছাড়ার বান্দা ছিলেন না। তবে অঘটন ঘটেনি। প্রথম দুই সেটে পিছিয়েও ট্রফি জিতে ৫২ বছরের রেকর্ড ভাঙলেন জকোভিচ। এদিন খেলার মাঝে কিছুটা অসুস্থ হয়ে পড়েন চিচিপাস। কোমরের সমস্যাও তাঁর অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। চিকিৎসকদের সাহায্যও নিতে হয়। জেতার মরিয়া চেষ্টা চালান পঞ্চম তথা নির্ণায়ক সেটে। অন্যদিকে জকোভিচ আগাগোড়া ফিট ছিলেন। তাঁর অভিজ্ঞতা ও মাস্টার ক্লাসের সামনে চিচিপাসের প্রয়াস সফল হয়নি। শেষ পর্যন্ত শেষ সেট দখল করে দ্বিতীয়বার ফরাসি ওপেন জয়ের সাধ পূরণ করেন জকোভিচ।
চিচিপাসকে হারিয়ে রয় এমারসন ও রড লেভারকে ছুঁয়ে ফেললেন জকোভিচ। প্রত্যেকটি গ্র্যান্ড স্ল্যাম অন্তত কমপক্ষে দুবার করে জিতেছেন তাঁরা। নাদাল বা ফেডেরার কেউই এই কৃতিত্ব দেখাতে পারেননি। ১৯৬৯ সালে শেষবার দ্বিতীয় ক্যালেন্ডার গ্র্যান্ড স্ল্যাম জিতেছিলেন রড লেভার। অবশেষে ৫২ বছরের পুরনো ইতিহাস ফিরল জোকারের হাত ধরে। তাঁকে পুরস্কার দিতে এসেছিলেন টেনিস কিংবদন্তি বিয়ন বর্গ।




