খবর লাইভ : বিজেপি নেতা সৌমিত্র খাঁ-র বাইক মিছিল ঘিরে উত্তেজনা ছড়াল হুগলির কোন্নগরে। সৌমিত্র খাঁকে কালো পতাকা দেখিয়ে বিরুদ্ধ স্লোগান দেখান তৃণমূল সমর্থকরা। পাল্টা স্লোগান দিয়ে মুখোমুখি হন বিজেপি সমর্থকরাও। তবে পুলিশ তত্পর হওয়ায় দুপক্ষের মধ্যে সংঘর্ষ এড়ানো হয়েছে। বিজেপি নেতার বাইক মিছিল আটকেও দেয় পুলিশ।
জানা গিয়েছে, এদিন কোন্নগরের জোড়াপুকুর থেকে হুগলির চাঁপদানি পর্যন্ত একটি বাইক মিছিলের আয়োজন করে বিজেপি। নেতৃত্বে ছিলেন বিজেপি যুবমোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ। মিছিল শুরুর আগেই জোড়াপুকুর এলাকায় টাঙানো হয় কালো পতাকা, এলাকায় বিজেপি নেতাদের ছবিতে কালি লেপে দেওয়া হয়। তারপর বিজেপি মিছিল বের করতেই এলাকায় জড়ো হয়ে যায় কয়েকশো তৃণমূল সমর্থকও। সৌমিত্রর স্ত্রী চলে যাওয়া নিয়ে তাঁকে ব্যাঙ্গ করে গান বাজানো হয়। বিজেপি সমর্থকরাও পাল্টা স্লোগান দিতে শুরু করে। এনিয়ে দুপক্ষের মধ্যে চরম উত্তেজনা ছড়ায়। তবে পুলিশের হস্তক্ষেপে কোনওক্রমে দুপক্ষের মধ্যে সংঘর্ষ এড়ানো যায়।
এরপর কোন্নগরের ভারত পেট্রোল পাম্প মোড়ে সৌমিত্রর বাইক মিছিল আটকে দেয় পুলিশ। কারণ হিসেবে পুলিশ জানায়, নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী বাইক মিছিল নিষেধ। গাড়ি থেকে সৌমিত্র বাইক মিছিলকে রাস্তা ছাড়তে বললেও তাতে কান দেয়নি পুলিশ। শেষপর্যন্ত ওই এলাকায় বাইক রেখেই গাড়িতে চড়ে এগিয়ে যান বিজেপি সমর্থকরা। তবে পুলিশ বাইক মিছিল আটকালেও পায়ে হেঁটে মিছিল হবে বলে জানিয়ে দেন স্থানীয় বিজেপি নেতৃত্ব।



