খবর লাইভ : ভোটের মুখে এবার হুগলির চন্দননগরের পুলিশ কমিশনারকে বদল করল নবান্ন।
চন্দননগরের পুলিশ কমিশনার পদে হুমায়ুন কবীরের জায়গায় আনা হল কলকাতা পুলিশের যুগ্ম নগরপাল (এস্টাবলিশমেন্ট) গৌরব শর্মাকে। তিনি ডিআইজি র্যাঙ্কের আইপিএস অফিসার।
ইতিমধ্যেই উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষালকে শোকজ করেছে তৃণমূল। সূত্রের খবর, তিনি বিজেপিতে যোগ দিতে পারেন বলে খবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের ডুমুরজলার সভায় হাজির থাকতে পারেন প্রবীরবাবু। তার ফলে উত্তরপাড়া-সহ কোন্নগর এলাকায় রাজনৈতিক হিংসা বাড়তে পারে বলে পুলিশ-প্রশাসনের আশঙ্কা। যেহেতু ওই এলাকাগুলি চন্দননগর কমিশনারেটের আওতায় পড়ে, তাই চন্দননগর সিটি পুলিশকে আরও সক্রিয় করতেই গৌরব শর্মাকে আনা হল বলে সূত্রের খবর। যদিও নবান্ন সূত্রে খবর, এটা নিছকই একটা রুটিন বদলি।
জানা গিয়েছে, বদলির নির্দেশ পাওয়ার পরই ইস্তফা দেন দক্ষ পুলিশ অফিসার হুমায়ুন কবীর। এই ইস্তফা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জল্পনা।



