খবর লাইভ : মালদহে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার রোড শো’কে ঘিরে বিপুল জনসমাগম হয়। জনসংযোগ ঘটাতে নয়া কৌশল নিলেন বিজেপি সভাপতি। শুধু মুঠো মুঠো ফুলই নয়, ছুঁড়ে দিলেন চকোলেট। এদিনের রোড শো’তে ব্যাপক জনসমাগম দেখে নাড্ডা বলেন, ‘এই বিরাট জনসমাগমই প্রমাণ করে, বাংলার মানুষ বিজেপিকে বেছে নিয়েছেন।’ একইসঙ্গে তৃণমূল সরকারকে কাঠগড়ায় তুলে নাড্ডা বলেন, ‘মা, মাটি, মানুষের স্লোগান দিয়ে ক্ষমতায় এসেছিল তৃণমূল। মা, মাটি, মানুষ কোনওটাই নেই। শুধু তোলাবাজি আর তুষ্টিকরণের সরকার চলছে। মমতা সরকার এবার বিদায় নেবে।’ রবীন্দ্র অ্যাভিনিউ পর্যন্ত এক কিলোমিটার রোড শো করে এদিন বাংলায় পরিবর্তনের ডাক দিলেন বিজেপি সভাপতি।
তবে থেমে নেই তৃণমূলও। মালদহে নয়া কৃষি আইনের প্রতিবাদে মিছিল করেন তৃণমূল নেতা কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী সহ অন্যান্য নেতারা।



