খবর লাইভ : বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবার আদালতের দ্বারস্থ হলেন তৃণমূল বিধায়ক দেবশ্রী রায়। শোভন-বৈশাখীর বিরুদ্ধে মানহানির মামলা করতেই আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। দেবশ্রীর অভিযোগ, বৈশাখী বন্দ্যোপাধ্যায় এবং শোভন চট্টোপাধ্যায় তাঁর বিরুদ্ধে প্রকাশ্যে এমন কথা বলেছেন, যাতে তাঁর ভাবমূর্তি নষ্ট হয়েছে।
জানা গিয়েছে, শনিবার সকালে আলিপুর আদালতে আসেন বিধায়ক তথা অভিনেত্রী দেবশ্রী রায়। তাঁর অভিযোগ, বৈশাখী বন্দ্যোপাধ্যায় তাঁকে ব্যক্তিগত আক্রমণ করেছেন। তাঁর সহ্যের বাঁধ ভেঙে গিয়েছে। মানুষের মনে তাঁর ভাবমূর্তি বদলে দেওয়ার চেষ্টা করছেন শোভন-বৈশাখী। এক সময়ের ভাল বন্ধু শোভনের বিরুদ্ধে আদালতে যাওয়ার পাশাপাশি এদিন তাঁর ব্যক্তিগত সম্পর্ক নিয়েও আক্রমণ শানিয়েছেন দেবশ্রী।




