খবর লাইভ : তৃণমূলে যোগ দিতে পারেন প্রাক্তন বাংলা অধিনায়ক মনোজ তিওয়ারি। বুধবার হুগলির সাহাগঞ্জে সভা করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সভাতেই তৃণমূলে যোগ দিতে পারেন বাংলার প্রাক্তন অধিনায়ক। উত্তরপাড়ার বাসিন্দা এই ক্রিকেটারকে নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে।
তৃণমূল সূত্রে খবর, বুধবার যেখানে তৃণমূল নেত্রী যেখানে জনসভা করবেন, সেখানেই তৃণমূলের পতাকা হাতে তুলে নেবেন মনোজ তিওয়ারি। বাংলার এই ক্রিকেটার এখনও অবসর না নিলেও এই মুহূর্তে চোটের জন্য বিজয় হাজারে ট্রফি খেলছেন না। জানা যাচ্ছে, হুগলির একটি কেন্দ্র থেকে তাঁকে দাঁড় করানোর ব্যাপারে মনস্থির করে ফেলেছে শাসকদল। কিছুদিন আগে রাজ্যের মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়ে দল ছেড়েছেন লক্ষ্মীরতন শুক্লা। তিনি আবার খেলার জগতে ফিরে যেতে চান বলে জানিয়েছেন। এবার সেই খেলার দুনিয়া থেকেই যদি মনোজ রাজনীতির আঙিনায় পা রাখেন, তাহলে তা চমক হিসাবেই দেখছে রাজনৈতিক মহল।



