খবর লাইভ : বিশ্বভারতীর পর খড়্গপুর আইআইটি-র সমাবর্তনেও ভার্চুয়ালি যোগ দিয়ে বাংলার মণীষীদের কথাই তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবীন্দ্রনাথ থেকে নেতাজির অবদানের কথা উল্লেখ করে আইআইটির পড়ুয়াদের অনুপ্রেরণা দেওয়ার পাশাপাশি দেশের উন্নয়নে আত্মনির্ভরতার উপযোগিতার কথাও তুলে ধরেন তিনি। যা বিধানসভা নির্বাচনের আগে বিশেষ তাৎপর্যপূর্ণ।
জানা গিয়েছে, মঙ্গলবার খড়্গপুর আইআইটি-র সমাবর্তন অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে ডা. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ইন্সটিটিউট অফ মেডিক্যাল সায়েন্স অ্যান্ড রিসার্চ সেন্টারের উ্দ্বোধন করেন তিনি। বক্তৃতায় আত্মনির্ভরতা প্রসঙ্গে তিনি বলেন, ‘একুশ শতকের ভারত বদলেছে। এখন আইআইটি আর শুধু ইন্ডিয়ান ইন্সটিটিউট নয়, বরং আইআইটি এখন ইন্সটিটিউট অফ ইনডিজিনিয়াস টেকনোলজি, অর্থাৎ ভারতীয় প্রযুক্তিকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার দায়িত্ব তাদের।’ এ প্রসঙ্গে বলতে গিয়ে প্রধানমন্ত্রী রবি ঠাকুরের উদ্ধৃতিও তুলে ধরেন। আবার স্বাধীনতা সংগ্রামে বাংলার মানুষের অবদান প্রসঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বসুর কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।
উল্লেখ্য, ইদানীংকালে রাজ্যের বিভিন্ন সরকারি ও রাজনৈতিক অনুষ্ঠানে বাংলার মণীষী, ঐতিহ্যের কথা শোনা যাচ্ছে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে। বিধানসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় মন্ত্রীদের এই বাংলার স্তুতি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।


