খবর লাইভ : এসএসসি চাকরিপ্রার্থীদের গেড়ো কাটছে না! তাই এবার চাকরির দাবিতে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ির সামনে বিক্ষোভ দেখালেন এসএসসি চাকরিপ্রার্থীরা। পুলিশ বিক্ষোভ হটাতে গিয়ে বিক্ষোভকারীদের উপর বলপ্রয়োগ করে বলেও অভিযোগ। যা নিয়ে মঙ্গলবার দুপুরে উত্তপ্ত হয়ে ওঠে নাকতলা।
জানা গিয়েছে, এদিন দুপুর নাগাদ চাকরির দাবি তুলে নাকতলায় শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ির সামনে জমায়েত হন শ’খানেক এসএসসি চাকরিপ্রার্থী। তারপর তাঁরা বিক্ষোভ দেখানো শুরু করতেই সঙ্গে সঙ্গে পুলিশ তাঁদের সেখান থেকে সরিয়ে দেওয়ার জন্য সক্রিয় হয়ে ওঠে। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের বচসা থেকে হাতাহাতিও হয়। তাতেই আরও উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। প্রায় ৫০ জন বিক্ষোভকারীকে রীতিমত টেনেহিঁচড়ে পুলিশ ভ্যানে তোলা হয় বলে অভিযোগ। এভাবে চাকরিপ্রার্থীদের আন্দোলন এভাবে দমন করায় ফের সমালোচনার মুখে পড়েছে পুলিশ।
উল্লেখ্য, সপ্তাহ কয়েক আগে বেকারদের চাকরির দাবিতেই নবান্ন অভিযান করেছিল বামেরা। সেই সময়ও বাম কর্মী-সমর্থকদের উপর পুলিশ নির্বিচারে লাঠি চালায়। পুলিশের লাঠির আঘাতে জখম হয়ে এক বাম কর্মীর মৃত্যুও হয়। যা নিয়ে প্রবল সমালোচনার মুখে পড়েছিল পুলিশ-প্রশাসন। কিন্তু তারপরেও যে পুলিশের টনক নড়েনি তা বলা বাহুল্য।



