খবর লাইভ : মাদক পাচারকাণ্ডে বিজেপি নেতা রাকেশ সিংকে তলব করেছিল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। কিন্তু দিল্লিতে থাকার জন্য হাজিরা দিতে পারবেন না বলে জানিয়েছিলেন রাকেশ। এরপরে রাকেশের বাড়িতে তল্লাশি চালানোর সিদ্ধান্ত নেয় কলকাতা পুলিশ। মঙ্গলবার দুপুরে পুলিশ বাড়িতে ঢুকতে চাইলে রাকেশ সিংয়ের ছেলে তাদের ঢুকতে বাধা দেয়। পুলিশের সঙ্গে বচসাও হয়। রাকেশের ছেলের দাবি, তাঁদের তল্লাশি চালাতে দিতে কোনও আপত্তি নেই। কিন্তু কী কারণে তল্লাশি চালাতে চাইছেন, সেই বৈধ নথি দেখাতে হবে। বৈধ নথি দেখাচ্ছে না পুলিশ। যদিও তল্লাশি চালাতে আসা কর্তব্যরত পুলিশ অফিসার জানিয়ে দেন, সরকারি কাজে বাধা দিলে পুলিশ আইনি পদক্ষেপ নিতে বাধ্য হবে।
অন্যদিকে, এদিন হাইকোর্টেও জোর ধাক্কা খেয়েছেন এই বিজেপি নেতা। রাকেশ সিংকে জারি করা পুলিশের সমনে স্থগিতাদেশ দিল না কলকাতা হাইকোর্ট। এদিন বিচারপতি জানিয়েছেন, মামলার এই পর্যায়ে আদালতের হস্তক্ষেপের কোনও প্রয়োজন আছে বলে মনে হয় না। তাই পুলিশের নোটিশ খারিজ করার কোনও প্রশ্ন নেই। রাকেশের আইনজীবী এদিন জানান, বিজেপিতে যোগদানের পর থেকেই রাকেশের বিরুদ্ধে ২৭টি মামলা করা হয়েছে। সরকারি আইনজীবীও পাল্টা জানান, রাকেশের বিরুদ্ধে অপরাধের অভিযোগ নতুন নয়। বিজেপিতে যোগদানের আগে তাঁর বিরুদ্ধে ৫৬টি মামলা ছিল। এব্যারারে
আদালতের রায় বেরোনোর আগেই পুলিশ রাকেশের পুরো বাড়ি ঘিরে ফেলে। বাড়িতে তল্লাশি চালাতে চায়। কিন্তু
তল্লাশিতে বাধা দেয় বাড়ির লোকেরা। কেন্দ্রীয় বাহিনী সিআইএসএফকে দিয়ে দরজায় তালাও লাগিয়ে দেওয়া হয়।



