খবর লাইভ : পুলিশের জালে লালকেল্লা তাণ্ডবের আরও এক অভিযুক্ত। পুলিশ জানায়, ধৃতের নাম মনিন্দার সিং। বয়স ৩০। বুধবার তাকে পীতমপুরার বাসস্ট্যান্ড থেকে গ্রেফতার করে দিল্লি পুলিশের বিশেষ দল। এই নিয়ে লালকেল্লার ঘটনায় ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় থাকা মূল অভিযুক্তদের মধ্যে ৩ জন গ্রেফতার হল।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দিল্লির স্বরূপনগরের বাসিন্দা মনিন্দার সিং এসি মেশিন সারাইয়ের কাজ করে। এছাড়া তরোয়াল প্রশিক্ষণের স্কুলও রয়েছে তার। সাধারণতন্ত্র দিবসে লালকেল্লার সামনে মনিন্দারকে তরোয়াল ঘোরাতে দেখা গিয়েছিল বলে অভিযোগ। সিসিটিভি ফুটেজে যার প্রমাণ পাওয়া গিয়েছে। এদিন পীতমপুরার বাসস্ট্যান্ড থেকে গ্রেফতারের পর মনিন্দারের বাড়িতে অভিযান চালিয়ে দুটো তরোয়ালও উদ্ধার করেছে পুলিশ। তার বিরুদ্ধে লালকেল্লায় হিংসায় ইন্ধন জোগানোরও অভিযোগ রয়েছে। পুলিশি জেরায় সে লালকেল্লায় তাণ্ডবের দিন মিছিলে থাকার কথা স্বীকার করেছে। মিছিল চলাকালীনই মনিন্দার তার সঙ্গীদের নিয়ে লালকেল্লায় তাণ্ডবের ছক কষে বলে পুলিশের দাবি।
প্রসঙ্গত, এর আগে লালকেল্লায় হিংসার ঘটনায় অন্যতম অভিযুক্ত দীপ সিধু এবং ইকবাল সিং নামে আরও দু’জনকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ।




