খবর লাইভ : বিধানসভা ভোটের মুখে ফের প্রকাশ্যে শাসকদলের গোষ্ঠীকোন্দল। সোমবার রাতে ইংরেজবাজারের তৃণমূল বিধায়ক নীহাররঞ্জন ঘোষের বাড়িতে হামলা চালাল একদল দুষ্কৃতী। হামলা চালানোর অভিযোগ উঠেছে জেলা তৃণমূলের চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ও যুব তৃণমূল সভাপতি প্রসেনজিত্ দাসের অনুগামীদের বিরুদ্ধে। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন তাঁরা।
সোমবার রাত ১১টা নাগাদ নীহাররঞ্জন ঘোষের বাড়ির একতলায় দলীয় কার্যালয়ে ঢুকে দুষ্কৃতীরা ঢুকে হামলা চালায়। ভেঙে ফেলা হয় চেয়ার, টেবিল। ভাঙচুর করা হয় স্কুটিও। রাতেই ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করেন নীহারবাবু। তাঁর অভিযোগ, তাঁকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে দলের একাংশ। সেজন্য পরিকল্পিতভাবেই এই হামলা চালানো হয়েছে। বিষয়টি উচ্চমহলে জানাবেন বলে জানিয়েছেন নীহারবাবু।
তবে যাঁর বিরুদ্ধে এই অভিযোগ সেই তৃণমূল যুব সভাপতি প্রসেনজিত্ দাস বলেন, ‘দুই পাড়ার মধ্যে বিবাদের জেরেই এই হামলা চালানো হয়েছে। তাতে অহেতুক রাজনৈতিক রং লাগানো হচ্ছে।’ তাঁর মতে, এই ঘটনার সঙ্গে প্রাক্তন বিধায়ক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর কোনও যোগ নেই।
উল্লেখ্য, গত বিধানসভা ভোটে নীহারবাবু বাম-কংগ্রেস সমর্থিত নির্দল প্রার্থী হিসাবে জিতেছিলেন। পরে তিনি তৃণমূলে যোগ দেন।




