খবর লাইভ : সরস্বতী পুজোয় ফের পারদ পতন হল বাংলার। বৃষ্টির পূর্বাভাস জারি করল হাওয়া অফিস। তাহলে কি ফের ফিরে আসছে শীত?
হাওয়া অফিস সূত্রে খবর, উত্তর পার্বত্য অঞ্চলে পশ্চিমী ঝঞ্ঝা এসেছে। তার জেরেই আবহাওয়ার এই পরিবর্তন। আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং, কালিম্পং-এ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর সহ রাজ্যের পশ্চিমাংশে। কলকাতায় বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও পারদ নিম্নগামী থাকবে। পাশাপাশি বাতাসে আর্দ্রতার পরিমাণও বেশি থাকবে। ফলে ফেব্রুয়ারির মাঝামাঝি থেকেই গরমে হাঁসফাঁস অবস্থা শহরবাসীর।
মঙ্গলবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রির আশপাশেই ঘোরাফেরা করবে বলে হাওয়া অফিস সূত্রে খবর। কলকাতায় আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৯ শতাংশ, ন্যূনতম ৩৫ শতাংশ।


