খবর লাইভ : আন্দোলনকারী কৃষকদের নিয়ে অসংবেদনশীল মন্তব্য করে ফের বিতর্কে জড়ালেন বিজেপি মন্ত্রী। এবার সাংবাদিক সম্মেলনেই কৃষকদের মৃত্যু প্রসঙ্গে হরিয়ানার কৃষিমন্ত্রী বললেন, ‘এখন না মরলেও পরে তাদের মরতে হতই!’ বিজেপি মন্ত্রীর এহেন প্রকাশ্যে আসতেই দেশজুড়ে নিন্দার ঝড় উঠেছে। বিজেপির ঘরেও যে চাপ বাড়াল তা বলা বাহুল্য।
জানা গিয়েছে, হরিয়ানার কৃষিমন্ত্রী জেপি দালালের এক সাম্প্রতিক সাংবাদিক সম্মেলনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যা দেখে রীতিমত ধিক্কার জানিয়েছেন নেটিজেনরা। ভিডিওটিতে দেখা যাচ্ছে, আন্দোলন চলাকালীন কৃষকদের মৃত্যু ঘটনার প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে হরিয়ানার কৃষিমন্ত্রী বলেন, ‘বাড়িতে থাকলেও মরতে হত ওঁদের। ২ লক্ষ লোকের মধ্যে ৬ মাসে ২০০ জনের মৃত্যু এমন কিছু অস্বাভাবিক নয়। কেউতো দুর্ঘটনায় মারা যায়নি, স্বেচ্ছায় মৃত্যুকে বরণ করেছেন। তা ছাড়া ভারতীয়দের আয়ু তো এমনই কম। কদিন পর এমনিই মারা যেতেন।’ এরপরই নিজের বক্তব্যের সমর্থনে মন্ত্রী আরও বলেন, ‘বছরে কতজন করে মারা যায় তার খেয়াল রাখেন? কিন্তু আমার মারা যাওয়া প্রতিটি মানুষের উপর সমবেদনা রয়েছে।’
ভিডিওটি নিয়ে দেশজুড়ে বিতর্ক শুরু হলে অবশ্য নিজের অবস্থান থেকে কিছুটা পিছিয়ে এসেছেন ওই বিজেপি মন্ত্রী। এমন বিতর্কিত মন্তব্য করার পর ক্ষমাও চেয়েছেন তিনি। কিন্তু এতে বিতর্কের ঝড় শান্ত হয়নি। কৃষকদের আত্মবলিদান নিয়ে এহেন অসংবেদনশীল মন্তব্য দেশের জন্য দুঃখজনক বলে সরব হয়েছেন বিরোধীরা।




