খবর লাইভ : খাস কলকাতায় কয়েক কোটি টাকার মাদক উদ্ধার করল স্পেশ্যাল টাস্ক ফোর্স। এই ঘটনায় এক মহিলা সহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এই অভিযানের মাধ্যমে আন্তর্দেশীয় মাদক চক্রেরও খোঁজ পেয়েছে পুলিশ। ভোটের আগে এই মাদক চক্রের হদিশ পুলিশের কাছে বড়সড় সাফল্য বলেই মনে করা হচ্ছে।
পুলিশ সূত্রে খবর, ধৃত মাদক পাচারকারীর নাম পিয়ারুল ইসলাম, সাদিকুল শেখ, কার্তিক নাইডু, রাকেশ থাপা, প্রভতি দেবী ও দেবী জয়সওয়াল। এদের মধ্যে পিয়ারুল ও সাদিকুল মুর্শিদাবাদের বাসিন্দা। কার্তিক, রাকেশ মণিপুরের তেংলুপালের বাসিন্দা। ধৃতদের কাছ থেকে ৩ কোটি হেরোইন ও দেড় লাখ ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে। হেরোইনের দাম আন্তর্জাতিক বাজারে ১০ কোটি টাকা। ইয়াবা ট্যাবলেটের মূল্য ৭.৫০ কোটি টাকা।
উল্লেখ্য, শনিবার সকালে কাশীপুর থানা এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে হানা দেয় পুলিশ। সেখান থেকেই মাদক পাচারকারীদের আটক করা হয়েছিল।




