খবর লাইভ : করোনা টিকার মাধ্যমে নতুন করে ভারত-বাংলাদেশ মৈত্রীর সম্পর্ক গড়ে উঠল। করোনা মোকাবিলায় এবার প্রতিবেশী দেশ বাংলাদেশকে প্রচুর পরিমাণ ভ্যাকসিন পাঠাল ভারত। তাও আবার উপহার স্বরূপ। ভারতের এই পদক্ষেপে যারপরনাই আপ্লুত শেখ হাসিনার বাংলাদেশ।
জানা গিয়েছে, ইতিমধ্যেই ওপার বাংলায় ভারতের তরফে বাংলাদেশকে উপহার হিসেবে প্রায় ২০ লক্ষ করোনা ভ্যাকসিন পাঠানো হয়েছে। এর মাধ্যমে ভারত-বাংলাদেশের মধ্যে নতুন করে মৈত্রীর সম্পর্ক পরিলক্ষিত হচ্ছে। কূটনীতিবিদদের মতে, দ্বিপাক্ষিক সম্পর্ক আরও উন্নত করতে এরকম সদর্থক ভূমিকা বেশ কাজে আসবে।
উল্লেখ্য, বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশও করোনা অতিমারীতে নাজেহাল। এদিকে, এই অতিমারী মোকাবিলায় অনেকটাই এগিয়ে গিয়েছে ভারত। ইতিমধ্যে দেশে প্রস্তুত দুটি ভ্যাকসিন। দেশজুড়ে টিকাকরণও শুরু হয়েছে। তাই এবার প্রতিবেশী দেশ বাংলাদেশকে সাহায্যের হাত বাড়িয়ে দিল ভারত।




