খবর লাইভ : সিএএ কার্যকর করা নিয়ে মতুয়াদের দাবি বিধানসভা ভোটের আগে পূর্ণ হচ্ছে না, সে কথা আগেই জানিয়ে দিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এই পরিস্থিতিতে ঠাকুরনগরে মতুয়াদের গড়ে সভা করতে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। আজ, বৃহস্পতিবার দুপুর ৩টে ২০ মিনিট নাগাদ ঠাকুরনগরে পৌঁছবেন অমিত শাহ। এদিনের জনসভা থেকে শাহ মতুয়াদের উদ্দেশ্যে কী বার্তা দেন, সেদিকেই তাকিয়ে আছে গোটা রাজ্য। ইতিমধ্যে এখনও পর্যন্ত সিএএ কার্যকর না হওয়ায় মতুয়াদের একাংশের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে এদিনের জনসভায় মতুয়াদের মধ্যে ক্ষোভ প্রশমন করতে অমিত শাহ বিশেষ কোনও বার্তা দেন কিনা, এখন সেটাই দেখার।
ঠাকুরনগরে সভার আগে এদিন কোচবিহার থেকে পরিবর্তন যাত্রার সূচনাও করবেন অমিত শাহ।
উল্লেখ্য, জানুয়ারি মাসের শেষেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ঠাকুরনগরে সভা করতে আসার কথা ছিল। কিন্তু তখন দিল্লিতে ইজরায়েলি দূতাবাসের সামনে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটায় সেই সফর বাতিল হয়ে যায়। ঠাকুরনগরের সভামঞ্চ যাতে না খোলা হয়, সেই বার্তাই সাংসদ শান্তনু ঠাকুরকে দিয়েছিলেন অমিত শাহ। মতুয়াদের মধ্যে তৈরি হওয়া অসন্তোষ প্রশমনে হাজির হয়েছিলেন বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় ও বিজেপি নেতা মুকুল রায়। তবুও মতুয়াদের মধ্যে তৈরি হওয়া অসন্তোষ প্রশমিত হয়নি।



