খবর লাইভ : অধিনায়ক জো রুটের সেঞ্চুরির ওপর ভর করে চিপকে ভারতের বিরুদ্ধে বড় রানের পথে ইংল্যান্ড। প্রথম দিনের শেষে ইংল্যান্ড করেছে ৩ উইকেটে ২৬৩ রান। ১৯৭ বলে ১২৮ রান করে অপরাজিত রুট। ঘরের মাটিতে টেস্ট অভিষেকের প্রথম দিনই যশপ্রীত বুমরাহ ২ উইকেট তুলে নেন। অশ্বিন পান ১ উইকেট।
এদিন ইনিংসের শুরুটা ভালোই করেছিলেন ররি বার্নস ও ডোমিনিক সিবলি। ৬৩ রানের মাথায় বার্নসকে আউট করে ভারতের প্রথম সাফল্য এনে দেন অশ্বিন। ৬৩ রানের মাথাতেই ড্যান লরেন্সকে আউট করে ড্রেসিংরুমে ফেরান যশপ্রীত বুমরাহ। এরপর ক্রিজে নামেন ইংল্যান্ড অধিনায়ক জো রুট। রুট ও সিডনির পার্টনারশিপ ইংল্যান্ডকে শক্ত ভিতের ওপর দাঁড় করিয়ে দেয়। ১৪টি বাউন্ডারি ও ১টি ছক্কার সাহায্যে ১২৮ রানে অপরাজিত রয়েছেন রুট। অন্যদিকে, দিনের শেষে ৮৭ রান করে বুমরাহের বলে এলবিডব্লুউ হন সিবলি। প্রথম দিনের শেষে একটা কথা নিঃসন্দেহে বলা যায়, চিপকে বড় রান করার পথেই এগোচ্ছে ভারত। বুমরাহ সাফল্যের মুখ দেখলেও অশ্বিন বা ওয়াশিংটন সুন্দরের মতো বোলাররা তেমন দাগ কাটতে পারেননি। ইশান্ত ও নদিমও কোনও উইকেট পাননি।



