খবর লাইভ : দল বদলকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপির মধ্যে লড়াই তুঙ্গে। এই পরিস্থিতিতে বছর ঘুরতে না ঘুরতেই বিজেপি ছেড়ে ফের তৃণমূলে যোগ দিলেন বিজেপি নেতা মুকুল রায়ের শ্যালক সৃজন রায়। বুধবার রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসুর উপস্থিতিতে ঘাস-ফুল পতাকা হাতে তুলে নেন সৃজন। তৃণমূলে যোগ দিয়ে সৃজন বলেন, ‘বর্তমানে রাজ্যে যে সংস্কৃতি চলছে, তা আমাদের পরিপন্থী। আমি মনে করি, মমতা বন্দ্যোপাধ্যায়ই প্রকৃত ধর্মনিরপেক্ষ। তাই আমি তৃণমূলে যোগ দিলাম।’ এদিন সৃজনের দলে যোগদান পর্বে উপস্থিত থেকে ব্রাত্য বসু বলেন, ‘ওনার নাম সৃজন রায়। এখানে রায়টা খুব গুরুত্বপূর্ণ। কারণ, উনি বিজেপি নেতা মুকুল রায়ের সম্পর্কে শ্যালক।’
উল্লেখ্য, মুকুল রায় যখন তৃণমূলে ছিলেন, তখন তাঁর শ্যালক দলের সক্রিয় সদস্য ছিলেন। ২০১৯ সালে মুকুলের হাত ধরে বিজেপিতে যোগ দেন সৃজন। এক বছর যেতে না যেতেই ফের তৃণমূলে ফিরে এলেন তিনি।
রেলে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নাম জড়িয়েছিল মুকুল রায়ের শ্যালক সৃজনের। ওই মামলায় নাম জড়ায় মুকুল রায়েরও। এই মামলায় রাজ্য পুলিশ সৃজনকে দিল্লি থেকে গ্রেফতার করে। ১০ মাস জেলে ছিলেন তিনি।




