খবর লাইভ : সাংবাদিক বৈঠকে জঙ্গিপুর পুলিশ সুপার আনন্দ রায় জানান, গত কয়েক দিন ধরে এলাকায় নতুন করে অশান্তির ঘটনা ঘটেনি। নতুন করে মামলাও দায়ের হয়েছে। সুতি এবং শামসেরগঞ্জ এলাকায় যে অশান্তির ঘটনা ঘটেছে, তাতে শনিবার পর্যন্ত মোট ১৩৮টি মামলা রুজু হয়েছে। তার মধ্যে শনিবারই নতুন করে ১৪টি মামলা রুজু হয়েছে। এখনও পর্যন্ত অশান্তির ঘটনায় যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে মোট ২৮৯ জনকে।
তিনি আরও জানান, সাধারণ মানুষের মধ্যে আস্থা ফিরে আসার ফলে ইতিমধ্যেই প্রায় ১০০টি পরিবার নিজেদের বাড়িতে ফিরে এসেছে। তাঁর কথায়, ‘‘আরও কিছু পরিবার দ্রুত ফিরে আসবে বলে আমরা আশাবাদী। বিভিন্ন এলাকায় পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর টহলদারি জারি রয়েছে। জাফরাবাদ এবং আশপাশের এলাকায় তিনটি পুলিশ ক্যাম্প করা হয়েছে।’’ যদিও জানা গিয়েছে , এখনও অন্তত ২০০ পরিবার ঘরছাড়া।




