খবর লাইভ : নাম না করেই সদ্য বিজেপিতে যাওয়া রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের প্রাক্তন বনমন্ত্রীর বিরুদ্ধে আক্রমণ শানিয়ে মমতা বুধবার বলেন, ‘বন সহায়ক পদ নিয়ে কারসাজি করা হয়েছে। রাজ্য সরকার তদন্ত করছে। চুরি করে এখন বিজেপিতে চলে গিয়েছে।’ এদিন দলত্যাগী ও বেসুরোদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়ে তৃণমূল নেত্রী বলেন, ‘যাঁরা লোভী, ভোগী, তাঁদের জন্য রাস্তা খোলা আছে, চলে যান। যাঁরা বেশি দুর্নীতি করেছে, তাঁরা পালিয়ে যাচ্ছে।’
এদিন দলীয় কর্মীদের শৃঙ্খলাবদ্ধ হওয়ার ডাক দিয়ে তৃণমূল নেত্রী মনে করিয়ে দেন, ‘তৃণমূলে যাঁরা আছেন, তাঁদের শৃঙ্খল্যাবদ্ধ হয়ে থাকতে হবে। তৃণমূলের টিকিট পেতে লবি করতে হয় না। তৃণমূলের সাংসদ, বিধায়কদের টাকা দিয়ে কেনা যায় না।’ একইসঙ্গে দলীয় কর্মীদের প্রতি তৃণমূল সুপ্রিমোর বার্তা, আগামী ৭-৮ দিনের মধ্যেই নির্বাচনের দিন ঘোষণা হয়ে যাবে। তৈরি থাকুন।
উল্লেখ্য, গত ৩০ জানুয়ারি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পাঠানো বিশেষ বিমানে দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগ দেন রাজীব বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের কয়েকজন নেতা ও বিধায়ক।




