খবর লাইভ : চাপের মুখে পড়ে নারদ মামলায় অভিযুক্ত শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করার কথা অস্বীকার করেছেন সিবিআইয়ের প্রধান আইনজীবী তথা দেশের সলিসিটর জেনারেল তুষার মেহতা। তবে সেই সাফাই মানতে নারাজ তৃণমূল নেতৃত্ব। শুক্রবার বিকালে এক টুইট করে বৃহস্পতিবার তাঁর বাসভবনে শুভেন্দুর উপস্থিত থাকাকালীন সময়ের সিসিটিভি ফুটেজ প্রকাশের জন্য সলিসিটর জেনারেলকে পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
টুইটে তিনি লিখেছেন, ‘শুভেন্দু অধিকারীর সঙ্গে তাঁর বৈঠকের খবর খারিজের জন্য সলিসিটর জেনারেল তুষার মেহতা যে প্রচেষ্টা চালিয়েছেন, তা তখনই সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য হবে, যখন ওই সময়ে তাঁর বাড়িতে থাকা সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনবেন তিনি।’ সেই সঙ্গে কিছুটা বিস্ময় প্রকাশ করে খোঁচা দিয়ে অভিষেক লিখেছেন, ‘সত্যিই কি আগাম অ্যাপয়েন্টমেন্ট ছাড়া সলিসিটর জেনারেলের বাড়িতে হাজির হয়েছিলেন শুভেন্দু অধিকারী?’
শুধু তাই নয়, কোনও বৈঠক না হলে কেন শুভেন্দু সলিসিটর জেনারেলের বাড়িতে আধ ঘণ্টা উপস্থিত থাকলেন সেই প্রশ্নও তুলেছেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক। দ্বিতীয় টুইটেও খোঁচা দিয়ে অভিষেক লিখেছেন, ‘শোনা যাচ্ছে আরও একাধিক আধিকারিকের উপস্থিতিতেই সলিসিটর জেনারেলের বাড়িতে হাজির হয়েছিলেন শুভেন্দু অধিকারী। তাহলে কি সত্যিই বৈঠক হওয়ার কথা ছিল? বিষয়টি নিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছে, একদিন সেই ধোঁয়াশা কাটিয়ে আসল সত্যি সামনে বেরিয়ে আসবে বলে আশা করছি।’
উল্লেখ্য, বৃহস্পতিবার বিকালে দিল্লিতে থাকাকালীন দেশের সলিসিটর জেনারেলের বাসভবন, ১০নং আকবর রোডে হাজির হয়েছিলেন নারদ মামলায় অন্যতম অভিযুক্ত নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু। আর সিবিআইয়ের প্রধান আইনজীবীর সঙ্গে এক অভিযুক্তের সাক্ষাৎ নিয়েই বঙ্গ রাজনীতি নতুন করে উত্তাল হয়ে উঠেছে।




