খবর লাইভ : ভারতীয় নৌসেনার কৌশলগত তথ্য পাকিস্তানি গুপ্তচরের কাছে পাচারের অভিযোগে গ্রেফতার করা হল নৌসেনা সদর দফতরে কর্মরত এক অসামরিক কর্মীকে। ধৃতের নাম বিশাল যাদব, যিনি দিল্লির নৌসেনা সদর দফতরের ডিরেক্টরেট অফ ডকইয়ার্ড বিভাগে আপার ডিভিশন ক্লার্ক হিসেবে কর্মরত ছিলেন।
রাজস্থান পুলিশের সিআইডি (নিরাপত্তা শাখা)-র আইজি বিষ্ণুকান্ত গুপ্ত জানিয়েছেন, বিশালের সঙ্গে পাকিস্তানের এক মহিলা গুপ্তচরের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যোগাযোগ তৈরি হয়, যিনি নিজেকে ‘প্রিয়া শর্মা’ নামে পরিচয় দিতেন। পুলিশের প্রাথমিক ধারণা, ওই মহিলা বিশালকে অর্থের লোভ দেখিয়ে নৌসেনার গুরুত্বপূর্ণ তথ্য জোগাড় করাতেন।
তদন্তে আরও উঠে এসেছে, বিশাল অনলাইন গেমে আসক্ত ছিলেন এবং সেসব গেমে খরচ চালাতে গিয়েই তিনি এই অবৈধ কার্যকলাপে জড়িয়ে পড়েন। আর্থিক লেনদেন খতিয়ে দেখে পুলিশ জানতে পেরেছে, ক্রিপ্টোকারেন্সি ও সরাসরি ব্যাঙ্ক লেনদেনের মাধ্যমে তিনি টাকা পেয়েছেন বলে সন্দেহ।
বিশাল যাদবের বাড়ি হরিয়ানার রেওয়ারি জেলায়। বুধবার রাজস্থান পুলিশের গোয়েন্দা শাখা তাঁকে গ্রেফতার করে। ইতিমধ্যে তাঁর মোবাইল, কম্পিউটার ও আর্থিক নথিপত্র বাজেয়াপ্ত করে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
ঘটনার গভীরে পৌঁছাতে তদন্ত চলেছে। নিরাপত্তার স্বার্থে আরও কোনো তথ্য আপাতত প্রকাশে আনেনি প্রশাসন।




