খবর লাইভ : বদ্রীনাথ হাইওয়ের ঘোলতিরের কাছে একটি যাত্রীবাহী বাস অলকানন্দা নদীতে উল্টে পড়েছে। যাত্রী ভর্তি বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ঘোলথিরে অলকানন্দা নদীতে পড়ে যায়। দুর্ঘটনার সময় প্রায় চার-পাঁচজন বাস থেকে ছিটকে পড়েন। এরপর পুরো এলাকায় বিশৃঙ্খলা দেখা দেয়। বাসে প্রায় ২০-২৫ জন ছিলেন। উদ্ধারকারী দল ঘটনাস্থলে উদ্ধার কাজে নেমেছে।
ইতিমধ্যে দুর্ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে উত্তরাখণ্ডের বিপর্যয় মোকাবিলা দল। স্থানীয় থানার পুলিশকর্মীরাও পৌঁছেছেন দুর্ঘটনাস্থলে। নদী থেকে উদ্ধারকাজও শুরু হয়েছে। এখনও পর্যন্ত সাত জন যাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে বাকিদের কোনও খোঁজ এখনও পাওয়া যায়নি। দুর্ঘটনায় এক জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন গাড়োয়ালের বিভাগীয় কমিশনার বিজয়শঙ্কর পাণ্ডে।
দুর্ঘটনাটি ঘটেছে বদ্রীনাথ যাওয়ার রাস্তায়। বাসটি পাহাড়ি রাস্তা ধরে উপরের দিকে যাচ্ছিল। সেই সময়েই দুর্ঘটনাটি ঘটে। পাহাড়ের ঢালে মানববন্ধন করে আহতদের উদ্ধার করা হচ্ছে। তবে অলকানন্দা নদীর খরস্রোতের কারণে রাজ্য বিপর্যয় মোকাবিলা দল, পুলিশ এবং স্থানীয় প্রশাসনকে উদ্ধারকাজে কিছুটা সমস্যায় পড়তে হচ্ছে।




