খবর লাইভ : মধ্যপ্রাচ্যে উত্তেজনা যখন চরমে, ঠিক তখনই গাজা উপত্যকায় সামরিক অভিযান অব্যাহত রেখেছে ইজরায়েল। মঙ্গলবার ভোর থেকে টানা বিমান ও ড্রোন হামলায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৪৩ জন প্যালেস্টাইনি। হতাহতদের বড় একটি অংশই ত্রাণ সংগ্রহের জন্য লাইনে দাঁড়ানো ক্ষুধার্ত মানুষ ছিলেন। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে অন্তত ২০ জন খাবার সংগ্রহ করতে গিয়েই প্রাণ হারান।
রাষ্ট্রপুঞ্জ এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, মানবিক সহায়তার আড়ালে গাজায় মৃত্যুফাঁদ পেতেছে ইজরায়েল ও আমেরিকা। আন্তর্জাতিক চাপের মুখে ইজরায়েল সীমিত পরিসরে ত্রাণ প্রবেশে অনুমতি দিলেও, তা গাজার জন্য পর্যাপ্ত নয় বলে অভিযোগ উঠছে।
গাজায় বর্তমানে ত্রাণ বিতরণ করছে যুক্তরাষ্ট্র ও ইজরায়েল সমর্থিত সংগঠন ‘গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন’ (GHF)। তবে এদের ত্রাণ ব্যবস্থাপনা নিয়ে শুরু থেকেই অসন্তোষ রয়েছে। রাফা এলাকায় GHF পরিচালিত বিতরণ কেন্দ্রগুলিতে বারবার বিশৃঙ্খলা, অতিরিক্ত ভিড় ও ইজরায়েলি সেনার গুলিচালনার মতো ঘটনা ঘটছে, যেখানে প্রাণ হারাচ্ছেন বহু প্যালেস্টাইনি।
আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, ২৭ মে থেকে এ পর্যন্ত ত্রাণ নিতে গিয়ে প্রাণ হারিয়েছেন অন্তত ৪০০ জন। আহতের সংখ্যা হাজার ছাড়িয়েছে। গাজাবাসীদের অভিযোগ, সেনা আগ্রাসন এবং অবরোধের কারণে খাদ্য ও ওষুধের তীব্র সংকট তৈরি হয়েছে। অনেকেরই দিনে দুই বেলা খাবার জোগাড় করাই দুঃসাধ্য হয়ে পড়েছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আকাশছোঁয়া, অথচ আয়-রোজগারের কোনও সুযোগ নেই।
অন্যদিকে, ইরান ও ইজরায়েলের মধ্যে চলমান দ্বন্দ্ব আরও ভয়াবহ রূপ নিচ্ছে। গত ১২ দিন ধরে চলা সংঘর্ষে আমেরিকাও সরাসরি জড়িয়ে পড়েছে। এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই গাজার মতো ঘনবসতিপূর্ণ অঞ্চলে ইজরায়েলের লাগাতার হামলা আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগের কারণ হয়ে উঠেছে।




