খবর লাইভ : ইউক্রেন যুদ্ধের ১২তম দিনে পূর্ব ইউক্রেনের উত্তপ্ত ডনবাস অঞ্চলে আরও একটি শহরের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সরকারি বার্তা সংস্থা ‘তাস’ জানিয়েছে, ডনেৎস্ক অঞ্চলের গুরুত্বপূর্ণ শহর ডাইলেয়েভকা এখন রুশ বাহিনীর দখলে।
রাশিয়ার পক্ষ থেকে আরও দাবি করা হয়েছে, গত ২৪ ঘণ্টায় চালানো ড্রোন, ক্ষেপণাস্ত্র ও স্থল হামলায় অন্তত ১,১২৫ জন ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন। শুধু ডনবাসেই নয়, রাজধানী কিভ সহ ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে চালানো হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর মিলেছে।
ডনবাস অঞ্চলটি ডনেৎস্ক ও লুহানস্ক নিয়ে গঠিত, যেখানে রুশভাষী জনসংখ্যা সংখ্যাগরিষ্ঠ। দীর্ঘদিন ধরেই সেখানে মস্কোপন্থী মিলিশিয়া গোষ্ঠীগুলো সক্রিয়, যারা রুশ সেনার সঙ্গে যৌথভাবে ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে লড়ছে। ২০২২ সালে এই দুটি অঞ্চলকে পৃথক প্রজাতন্ত্র হিসেবে স্বীকৃতি দেয় ক্রেমলিন।
সম্প্রতি ডনেৎস্কের স্টারায়া নিকোলায়েভকা জনপদ দখলের পর এবার ডাইলেয়েভকার পতন মস্কোর জন্য বড় কূটনৈতিক ও সামরিক সাফল্য হিসেবে দেখা হচ্ছে। সামরিক বিশ্লেষকদের মতে, এই সাফল্য রুশ বাহিনীকে উত্তর-পূর্ব ইউক্রেনে আরও অগ্রসর হওয়ার কৌশলগত সুবিধা দেবে।
‘ব্যাটলগ্রুপ নর্থ’ নামে পরিচিত রুশ বাহিনীর একটি শাখা দাবি করেছে, তারা একদিনেই ২৩৫ জন ইউক্রেন সেনাকে হত্যা করেছে। অন্যদিকে, পশ্চিম এশিয়ায় মার্কিন-ইরান উত্তেজনার মধ্যে ইউক্রেনে হামলার মাত্রা বাড়ানো মস্কোর বৃহত্তর ভূ-কৌশলগত পরিকল্পনার অংশ কি না, তা নিয়ে আলোচনা চলছে আন্তর্জাতিক মহলে।




