খবর লাইভ : কেরলের নিলাম্বুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বড় জয় কংগ্রেসের। বাম জোটের শক্ত ঘাঁটি বলে পরিচিত এই আসনে এলডিএফ প্রার্থী সিপিএম নেতা এম স্বরাজকে ১১ হাজারেরও বেশি ভোটে হারিয়েছেন কংগ্রেস প্রার্থী আর্যদান শৌকথ।
এই কেন্দ্র থেকেই গত দুবার নির্দল হিসাবে জিতেছিলেন পিভি আনবর। চলতি বছরের জানুয়ারিতে তিনি তৃণমূলে যোগ দেন এবং বিধায়ক পদে ইস্তফা দেন। পরে তৃণমূল ও নির্দল উভয় পরিচয়ে মনোনয়ন জমা দিলেও তৃণমূল প্রার্থী হিসাবে তাঁর মনোনয়ন বাতিল হয়ে যায়। তাই তৃণমূল সমর্থিত নির্দল প্রার্থী হিসাবে লড়াই করেও এবার তৃতীয় স্থানে শেষ করেছেন তিনি। আনবর পেয়েছেন প্রায় ১৯,৭৬০টি ভোট।বিজেপি প্রার্থী মোহন জর্জ পেয়েছেন ৮,৬৪৮ ভোট, চতুর্থ স্থানে শেষ করেছেন তিনি।
বাম শিবিরের জন্য এটি একটি বড় ধাক্কা, বিশেষ করে সেই নিলাম্বুর কেন্দ্রে যেখানে সাধারণত তারা তুলনামূলকভাবে নিরাপদে থাকে। পরাজিত স্বরাজ ছিলেন সিপিএম রাজ্য কমিটির গুরুত্বপূর্ণ সদস্য।
এদিকে, উপনির্বাচনে এই জয় ঘিরে উৎসাহী কংগ্রেস নেতৃত্ব বলছে, কেরলে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া স্পষ্ট। বামেদের টানা দুই দফার শাসনের পরে রাজ্যের রাজনৈতিক মেরুকরণে এবার বড় রদবদল হতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল।
২০২৬ সালের বিধানসভা ভোটের আগে এই ফলাফল দক্ষিণের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত বলে মনে করছেন বিশ্লেষকেরা।
ফলাফলের প্রাথমিক ময়নাতদন্তে দেখা গিয়েছে, নিলাম্বুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পোথুকল্লু পঞ্চায়েত এবং নিলাম্বুর পুর এলাকায় বামেদের ভোটব্যাঙ্কে ধস নামিয়েছে কংগ্রেস।
সাধারণত উপনির্বাচনে শাসকদলই জয় পেয়ে থাকে। ২০২৪ সালে পলাক্কাড় এবং চেলাক্কারা কেন্দ্রের উপনির্বাচনে বাম জোটের প্রার্থীরা জয়ী হয়েছিলেন। সেই ধারায় ছেদ পড়ল নিলাম্বুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলে। সব মিলিয়ে বিধানসভা ভোটের আগে কেরলে চিন্তায় বামেরা।




