Special News Special Reports State

কলকাতা পুরসভার নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি বাতিল করল হাইকোর্ট

0
(0)

খবর লাইভ : ওবিসি জট কাটার আগেই কলকাতা পুরসভা নিয়োগ সংক্রান্ত যে বিজ্ঞপ্তি জারি করেছে, তা বাতিল করল কলকাতা হাইকোর্ট। OBC-র নতুন তালিকার উপর মঙ্গলবারই অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে আদালত। রাজ্য ওই সংক্রান্ত যত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, মঙ্গলবার সেগুলিতেও অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হয়েছে। কিন্তু সেই নির্দেশ অমান্য করে ওবিসি কোটায় নিয়োগের উদ্যোগ নেওয়ার অভিযোগ ওঠে কলকাতা পুরসভার বিরুদ্ধে। হাইকোর্ট তালিকা খারিজ করার পরেও সেই ওবিসি তালিকা ধরে নিয়োগ চালানোর অভিযোগে কলকাতা পুরসভার কমিশনার ও পশ্চিমবঙ্গ মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে আদালতে তলব করা হয়। বৃহস্পতিবার ভার্চুয়ালি হাজিরা দেন তাঁরা।

সম্প্রতি কলকাতা পুরসভায় সাব-অ্যাসিসট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল) পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন তা প্রকাশ করে। বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ৭৮টি শূন্যপদের মধ্যে ওবিসি (এ)-র জন্য ৮টি, ওবিসি (বি)-র জন্য ৫টি পদ সংরক্ষণের কথা বলা হয়।

ওই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে দায়ের হয় মামলা। হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দের পর্যবেক্ষণ, দুই দপ্তর নিজেদের গা বাঁচাতে একে অন্যের ঘাড়ে দায় চাপাচ্ছে। শেষ পর্যন্ত হাইকোর্ট জানিয়ে দেয়, এই বিজ্ঞপ্তি বাতিল করা হলো। নতুন করে কলকাতা পুরসভা শূন্য পদের পরিসংখ্যান দিয়ে পুর ও নগরোন্নয়ন দপ্তরের কাছে তাদের তালিকা পাঠাবে। সেই তালিকা বিবেচনা করে সাত দিনের মধ্যে অনুমতি দেবে দপ্তর।

তার পরেই মিউনিসিপাল রিক্রুটমেন্ট বোর্ড নিয়োগ করতে পারবে। হাইকোর্টের আরও স্পষ্ট নির্দেশ, এই ক্ষেত্রে ডিভিশন বেঞ্চের বেঁধে দেওয়া ৬৬টি ওবিসি শ্রেণি ও ৭ শতাংশ সংরক্ষণের যে রূপরেখা, তাকেই কার্যকর করতে হবে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *