খবর লাইভ : কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স (সিএআইটি)-এর ডাকে আজ, বৃহস্পতিবার ভারত বনধ। দোকানপাট বন্ধ থাকার পাশাপাশি পণ্য পরিবহন ব্যবস্থা বন্ধ রাখার দাবি জানানো হয়েছে। যদিও দুপুর পর্যন্ত এই বনধের বিশেষ কোনও প্রভাব পড়েনি।
জানা গিয়েছে, জ্বালানির মূল্যবৃদ্ধি, জিএসটি ব্যবস্থা, ই-ওয়ে বিলের বিরোধিতা সহ একাধিক দাবিতে সিএআইটি-র ডাকা ভারত বনধে সামিল হয়েছে ৪০টি ব্যবসায়ী সংগঠন। অল ইন্ডিয়া ট্রান্সপোর্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনও এই বনধকে সমর্থন জানিয়েছে। চাক্কা জ্যামের ডাক দেওয়া হয়েছে এই সংগঠনের তরফে। দেশজুড়ে প্রায় ১৫০০ জায়গায় ধরনা-অবস্থানের ডাক দেওয়া হয়েছে। ভারত বনধে যে সংগঠনগুলি অংশ নিচ্ছে তাদের আওতাধীন বাজার আজ বন্ধ। তবে জরুরি পরিষেবা যেমন ওষুধের দোকান, দুধ বা সবজি বাজার বনধের আওতার বাইরে। ব্যাঙ্ক পরিষেবার ওপরেও কোনও প্রভাব পড়বে না বলেই দাবি আন্দোলনকারীদের। যদিও এখনও পর্যন্ত সার্বিকভাবে বনধের কোনও প্রভাব চোখে পড়েনি।



