খবর লাইভ : বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এবার আন্তর্জাতিক নারী দিবসে পথে নামছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। সেই দিনে ভবানীপুর থেকে যাদবপুর পর্যন্ত রোড শো করবেন তৃণমূল নেত্রী। এবার তৃণমূলের নির্বাচনী স্লোগান, ‘বাংলা নিজের মেয়েকেই চায়।’ তৃণমূল নেত্রীর একাধিক জনসভায় নারীদের কথা বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে। সেদিক থেকে দেখতে গেলে এবারের নির্বাচনে মহিলা ভোটারদের নিজেদের দিকে টানতে রীতিমতো ছক কষেই এগোচ্ছে তৃণমূল। যদিও প্রতি বছরই এই আন্তর্জাতিক নারী দিবসকে বিশেষভাবে পালন করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এই বছর এই দিনটিকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখছে তৃণমূল। এবারের ভোটে মহিলারা যে বিশেষ গুরুত্ব পাচ্ছেন, তা অনেক আগে থেকেই বোঝা গিয়েছিল। স্বাস্থ্যসাথী কার্ডে মহিলাদের নাম থাকার বিষয়টি চালু করেছিলেন তৃণমূল নেত্রী, যা ভোটের আগে মাস্টার স্ট্রোক বলেই মনে করা হচ্ছে। পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসে মূল্যবৃদ্ধি রুখতে এমনিতেই পথে নেমে প্রতিবাদ করেছেন তৃণমূল নেত্রী। এই প্রেক্ষাপটে ফের আরও একবার পথে নামছেন নেত্রী। পথে নেমে কী বার্তা তিনি দেন, এখন সেটাই দেখার।




