খবর লাইভ : দিল্লির পর এবার বাংলা! মহারাষ্ট্র, কেরল, কর্নাটক এবং তেলেঙ্গনা থেকে যাঁরাই বাংলায় আসবেন, তাঁদের কোভিড নেগেটিভ রিপোর্ট দেখাতে হবে। এমনই নির্দেশিকা জারি করল পশ্চিমবঙ্গ সরকার।।
বুধবার নবান্ন থেকে জারি হওয়া সরকারি নির্দেশিকায় জানানো হয়েছে, আগামী ২৭ ফেব্রুয়ারি দুপুর ১২টার পর মহারাষ্ট্র, কেরল, কর্নাটক এবং তেলেঙ্গনা থেকে যাঁরাই বাংলায় আসবেন, তাঁদের কোভিড নেগেটিভ রিপোর্ট দেখাতে হবে। আরটি–পিসিআর পদ্ধতিতে কোভিড পরীক্ষার পরই যেন ওই রিপোর্ট তৈরি হয়। পাশাপাশি বিমান যাত্রীদেরও অন্তত ৭২ ঘন্টা আগে কোভিড পরীক্ষা করাতে হবে।
উল্লেখ্য, সম্প্রতি মহারাষ্ট্র, কেরল, কর্নাটক এবং তেলেঙ্গনায় দ্রুত হারে সংক্রমণ ছড়াচ্ছে। তাই সংক্রমণ ঠেকাতে দিল্লির কেজরি সরকারও এই সমস্ত রাজ্য থেকে আসা যাত্রীদের জন্য নেগেটিভ কোভিড রিপোর্ট দেখানো বাধ্যতামূলক করেছে।



