খবর লাইভ : বাংলায় ৮ দফায় ভোট ঘোষণা নিয়ে এবার প্রশ্ন তুললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বিকেলে কালীঘাটে নিজের বাড়ি সংলগ্ন দফতরে বসে তৃণমূল নেত্রী বলেন, ‘অসম, তামিলনাড়ুতে ভোট হচ্ছে ১ দফায়। আর বাংলায় ভোট হচ্ছে ৮ দফায়। কোনও কোনও জেলায় তো আবার একাধিক দিনে ভোট রয়েছে। দক্ষিণ ২৪ পরগনায় আমাদের শক্তি বেশি। তাই কী ওখানে ৩ দফায় ভোট? কেন একটি জেলায় ভোট একাধিক পর্বে হবে? নির্বাচনের দিন কি নরেন্দ্র মোদি, অমিত শাহ ঠিক করে দিয়েছেন?’
তৃণমূল নেত্রীর প্রশ্ন, ‘কমিশন যদি যুক্তিপূর্ণভাবে সবদিক বিচার না করে ভোট করায় তবে মানুষ বিচারের জন্য কোথায় যাবেন?’ মমতার অভিযোগ, বিজেপির হাতে একাধিক এজেন্সি আছে। তাই ভোটের আগে এজেন্সিকে কাজে লাগাচ্ছে। তবে একপ্রকার হুঁশিয়ারি দিয়ে ‘বাংলার মেয়ে’ বলেন, ‘আমাকে এত ভয় যে সবাইকে ডাকতে হচ্ছে। এবার খেলা হবে। হারিয়ে ভুত করে দেব। বাঙালি, অবাঙালিতে ভাগ করছেন। হিন্দু, মুসলিম ভাগ করছেন। সব চক্রান্ত ভেঙে দেব। বহিরাগত গুণ্ডারা বাংলা শাসন করবে না। বাংলার মানুষ বাংলা শাসন করবে।’




