খবর লাইভ : সরকারের আতসকাঁচের তলায় এবার ডিজিটাল প্ল্যাটফর্ম। নির্দেশের ৩৬ ঘণ্টার মধ্যেই সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে সরাতে হবে আপত্তিজনক কনটেন্ট, বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ।
এদিন সাংবাদিক বৈঠক করে কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, সার্বিকভাবে, সোশ্যাল মিডিয়া পলিসি তৈরি করা হবে। সাধারণত কোনও সিনেমা লঞ্চ করার আগে সংশ্লিষ্ট সংস্থা থেকে অনুমোদন নিতে হয়, ঠিক তেমনই সোশ্যাল মিডিয়াতে একটি অথরিটি তৈরি হবে, যাদের কাছ থেকে অনুমতি নিতে হবে। বিনামূল্যে আর যা খুশি আপলোড করা যাবে না। বিতর্কিত ও আপত্তিজনক পোস্টের উপর নজরদারি করা হবে। ওয়েব সিরিজ থেকে চ্যাট শো, তথ্য চিত্র থেকে ওয়েব নিউজ সবই আসবে এই নিয়মের আওতায়।
এখানেই শেষ নয়, নতুন নির্দেশিকা কার্যকর হওয়ার পর হোয়াটসঅ্যাপ বা ফেসবুক মারফত্ ভুয়ো খবর ছড়ালে ইউজারকে জরিমানা বা শাস্তি দেওয়া হবে। ভুয়ো খবর বন্ধ করার জন্য বেশ কিছু গাইডলাইনও জারি করা হচ্ছে। সবমিলিয়ে, সোশ্যাল মিডিয়া থেকে কেন্দ্র একপ্রকার স্বাধীনতা তুলে নিতে চলেছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।




