খবর লাইভ : পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ফের রাস্তায় নামলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নিজের বাড়ি থেকে ইলেক্ট্রিক স্কুটারে চেপে নবান্নে যান তৃণমূল নেত্রী। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যখন ক্ষমতায় এসেছিল, তখন পেট্রোল, ডিজেলের যা দাম ছিল, এখন সেই পেট্রোপণ্যের দাম অনেক গুণ বেড়ে গিয়েছে। সাধারণ মানুষকে অসহায় অবস্থার মধ্যে ঠেলে দিচ্ছে সরকার। মানুষকে ভাঁওতা দেওয়া হচ্ছে। ভোট এলে বলে, বিনা পয়সায় গ্যাস দেব। উল্টে এলপিজি সিলিন্ডারের দাম বাড়িয়ে দিচ্ছে। রান্নাঘরে আগুন লেগেছে।’ এদিন দেশ জুড়ে আন্দোলনের ডাক দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘দেশজুড়ে প্রতিবাদ করতে আবেদন করছি। দেশ বেচে দিচ্ছে মোদি সরকার। মোদি সরকার জনবিরোধী। দেশের সর্বনাশ করছে।’
এদিন ক্রিকেট স্টেডিয়ামকে নিজের নামে করা নিয়েও মোদি সরকারকে খোঁচা দিতে ছাড়েননি তৃণমূল নেত্রী। তিনি বলেন, ‘সব প্রতিষ্ঠান নিজের নামে করে দিচ্ছে। কোনও দিন দেখা যাবে, দেশের নামটাও বদলে দেবে।’
উল্লেখ্য, পেট্রোল, ডিজেলের লাগাতার মূল্যবৃদ্ধির মধ্যে লিটার প্রতি ১ টাকা কমিয়েছে রাজ্য সরকার। গতকাল রাতে রান্নার গ্যাসের দাম ২৫ টাকা বেড়েছে। এদিন মমতা জানান, রাতে নবান্ন থেকে বাড়ি ফেরার পথেও ইলেক্ট্রিক স্কুটারে যাবেন তিনি।



