খবর লাইভ : করোনা অতিমারী ও লকডাউনের ধাক্কায় বিশ্বজুড়ে হতাশা, অবসাদ, একাকীত্ব। আর তার ফলস্বরূপ বেড়ে গিয়েছে আত্মহত্যার হার। পরিস্থিতি সামাল দিতে এবার বিশেষ পদক্ষেপ করল জাপান সরকার। চালু করল একাকীত্ব মন্ত্রক। মূলত অবসাদ, একাকীত্ব কাটিয়ে দেশবাসীকে স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনতেই এই মন্ত্রক চালু করা হল বলে জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী ইওশিহিদে সুগা।
জানা গিয়েছে, জাপানের জন্মহার কমে যাওয়া এবং আঞ্চলিক অর্থনীতি বিষয়ক মন্ত্রকের দায়িত্বে থাকা তেতসুশি সাকামোতোকে একাকীত্ব মন্ত্রকের দায়িত্বভার দেওয়া হয়েছে। নতুন এই মন্ত্রকের দায়িত্ব নিয়ে তেতসুশি সাকামোতো জানান, ‘অবসাদ, একাকীত্ব কাটাতে যতরকমের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া জরুরি, সেসবের ব্যবস্থা খুব শিগগিরই করব।’
উল্লেখ্য, জাপানে বরাবরই আত্মহত্যার ঘটনা বেশি দেখা যায়। কিন্তু করোনার প্রকোপে আরও বেড়েছে এই প্রবণতা। সমীক্ষা বলছে, করোনা আবহে আত্মহত্যার ঘটনা গত ১১ বছরের রেকর্ড ভেঙে দিয়েছে। তাই পরিস্থিতিতে রাশ টানতে ইওশিহিদে সুগার একাকীত্ব মন্ত্রক চালু করার উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন দেশবিদেশের মানুষ। এর আগে ২০১৮ সালে বিশ্বের প্রথম দেশ হিসেবে এমনই এক মন্ত্রক চালু করেছে আমেরিকা।



