খবর লাইভ : বাংলার গৌরব ধ্বংস করার চেষ্টা হয়েছে। সেই হৃতগৌরব পুনরুদ্ধার করাই বিজেপির দায়িত্ব। বৃহস্পতিবার বিজেপি কার্যালয়ে ‘লক্ষ্য সোনার বাংলা’ পুস্তিকা প্রকাশের অনুষ্ঠানে এসে এই কথাই জানালেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। এদিন তিনি বলেন, ‘বাংলা দেশকে আবার পথ দেখাবে।’
এদিন কয়লা পাচার, মাওবাদী তৎপরতা বন্ধ করার বিষয়েও সরব হন বিজেপি সভাপতি। তিনি বলেন, ‘ক্ষমতায় এসেই সপ্তম বেতন কমিশন চালু করা হবে। মাওবাদী তৎপরতা বন্ধ করা আমাদের লক্ষ্য। কয়লা পাচার বন্ধ করা হবে।’ পাশাপাশি বিজেপির সর্বভারতীয় সভাপতি বলেন, ‘বাংলার চা বাগান উন্নয়নে এক হাজার কোটি টাকা দিয়েছেন প্রধানমন্ত্রী। কাটমানি থেকে বাঁচিয়ে চা বাগানের উন্নয়ন করতে হবে।’ বিজেপির সর্বভারতীয় সভাপতি বলেন, ‘আমফানে ক্ষতিগ্রস্তদের জন্য প্রধানমন্ত্রী সাহায্য করেছেন। সেই টাকা ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছয়নি। যে আনাজ পাঠানো হয়েছে, তা মিলেছে তৃণমূল কর্মীদের ঘরে। আমফানের টাকার অডিট করতে মমতার এত আপত্তি কেন?’ এদিন নাড্ডা বলেন, ‘রাজ্যের ২ কোটি মানুষের পরামর্শ নেবে বিজেপি। রাজ্যজুড়ে ৩০ হাজার সাজেশন বক্স থাকবে। ২৯৪টি বিধানসভা কেন্দ্রে থাকবে সাজেশন বক্স। মিসড কল করেও দেওয়া যাবে পরামর্শ। ৩ মার্চ থেকে ২০ মার্চ পর্যন্ত চলবে এই ক্যাম্পেন।’



