খবর লাইভ : স্বাস্থ্যসাথীর আওতায় থাকা রোগীকে কোনও সরকারি বা বেসরকারি হাসপাতাল ফেরালে বাতিল হবে লাইসেন্স। রাজ্য সরকারের তরফে এই বিষয়ে স্পষ্ট নির্দেশিকা জারি করা হয়েছে। স্বাস্থ্য দফতরের নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, রোগী ভর্তি করা না করা হাসপাতাল, নার্সিংহোমের ইচ্ছাধীন নয়। স্বাস্থ্যসাথীর আওতাধীন রোগীকে ভর্তি নিতেই হবে। রোগীকে ফেরালে ব্যবস্থা নেবে রাজ্য। রোগীকে ফিরিয়ে দিলে সেই হাসপাতাল বা নার্সিংহোমের ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্ট লাইসেন্স বাতিল করা হবে। পুনর্নবীকরণের সুযোগ দেওয়া হবে না। প্রয়োজনে হাসপাতালের ঝাঁপ বন্ধ করে দেওয়া হবে।
কয়েকদিন আগেই হাসপাতাল, রোগীর মধ্যে মধ্যস্থতায় নেমে স্বাস্থ্যসাথীর কার্ডে ১৫ থেকে ২০ শতাংশ রেট বাড়ানোর সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। চিকিৎসা পরিষেবা সুনিশ্চিত করতে প্রায় ৩৩টি প্যাকেজে দর বৃদ্ধি করে রাজ্যের স্বাস্থ্য দফতর। উল্লেখ্য, এখনও পর্যন্ত রাজ্যে ২ কোটির বেশি পরিবার স্বাস্থ্য সাথী পরিষেবার আওতায় এসেছে। গত ডিসেম্বরের পর থেকে ৭৬ লাখ পরিবার এই প্রকল্পের আওতায় এসেছে।



