খবর লাইভ : আরও বিপাকে তৃণমূল যুব নেতা! গরু পাচারকাণ্ডে অন্যতম অভিযুক্ত বিনয় মিশ্রের বিরুদ্ধে আগেই রেড কর্নার অর্ডার জারি হয়েছিল। এবার তাঁর বিরুদ্ধে চার্জশিট পেশ করল সিবিআই। অন্যদিকে, দুবাইয়ে বিনয়ের হদিশও মিলেছে বলে সূত্রের খবর। ফলে বিনয়ের গ্রেফতারি এখন শুধু সময়ের অপেক্ষা।
সিবিআই সূত্রে খবর, বুধবার আসানসোল আদালতে বিনয় মিশ্রের বিরুদ্ধে চার্জশিট পেশ করে সিবিআই। চার্জশিট জমা দেওয়ার পর সিবিআইয়ের তরফে দাবি জানানো হয়, গরু পাচারকাণ্ডে ধৃত এনামুল হকের থেকে বিনয়ের হাত ঘুরে টাকা পৌঁছত প্রভাবশালীদের কাছে। তাই বিনয় মিশ্রকে নাগালে পেলে তাঁকে জেরা করে গরু পাচারকাণ্ডে আরও তথ্য পাওয়া যাবে বলে মনে করছেন গোয়েন্দারা। যদিও এখনও গোয়েন্দাদের নাগালের বাইরে বিনয়। তবে তিনি দুবাইয়ে রয়েছেন বলে জানতে পেরেছেন গোয়েন্দারা। দুবাইয়ের কোথায় বিনয় মিশ্র রয়েছেন তাও হদিশ মিলেছে। ফলে বিনয়কে গ্রেফতার করা এখন শুধু সময়ের অপেক্ষা।
উল্লেখ্য, তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা ও শ্যালিকা মেনকাকে জেরা করে তাঁদের সঙ্গেও বিনয় মিশ্রের যোগ মিলেছে বলে সিবিআই সূত্রের খবর।



