খবর লাইভ : প্রাক্তন স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায়ের স্ত্রী রেণু চট্টোপাধ্যায় প্রয়াত হলেন। বার্ধক্যজনিত অসুস্থতার জেরেই মঙ্গলবার দুপুর আড়াইটে নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। রেণুদেবীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিনিধি হিসেবে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকেও প্রয়াত স্পিকারের বাড়িতে পাঠিয়েছেন।
জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই একাধিক বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন রেণুদেবী। বছর দুই আগে সোমনাথবাবুর প্রয়াণের পর মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। গত কয়েক সপ্তাহ ধরে রেণুদেবীর শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল। তারপর এদিন দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। রেণুদেবীর মৃত্যুর খবর পেয়েই শোকপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রেণুদেবীর মেয়ে অনুশীলার সঙ্গে ফোনে কথাও বলেন তিনি। তারপর প্রয়াত স্পিকারের স্ত্রীকে শেষশ্রদ্ধা জানাতে পুস্পস্তবক দিয়ে রেণুদেবীর বাড়িতে পাঠান মন্ত্রী অরূপ বিশ্বাসকে।
প্রসঙ্গত, সোমনাথ চট্টোপাধ্যায়ের মৃত্যুর পরও বেনজির সৌজন্যে দেখিয়ে তাঁর বাড়িতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেসময় রেণুদেবীর সঙ্গে বেশ কিছুক্ষণ কথাও বলেছিলেন তিনি। রেণুদেবীর প্রয়াণের পরও সৌজন্যতার নজির রাখলেন মুখ্যমন্ত্রী মমতা।



