খবর লাইভ : প্রতিদিনই বেড়েই চলছে পেট্রোল, ডিজেলের দাম। নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। এবার সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দিতে উদ্যোগী হল রাজ্য সরকার। রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র জানিয়ে দিলেন, পেট্রোল, ডিজেলের দামের ওপর রাজ্যের অংশের সেস থেকে ১ টাকা ছাড় দেওয়া হল। উল্লেখ্য, গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন শহরে পেট্রোল, ডিজেলের দাম ক্রমাগত বাড়ছে। রাজস্থানের একটি জায়গায় রীতিমতো সেঞ্চুরি হাঁকিয়েছে পেট্রোলের দাম। দেশের বিভিন্ন মেট্রোপলিটন শহরে ৯০-এর কোঠা পেরিয়ে গিয়েছে পেট্রোলের দাম। এই পরিস্থিতিতে রাজ্য সরকারের এই সেস কমানোর সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে অনেকেই। ইতিমধ্যেই পেট্রোল, ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাস্তায় নেমেছে তৃণমূল। শনিবার দক্ষিণ কলকাতায় বিশাল মিছিল বের করে রাজ্যের শাসক দল। রবিবার ফের মিছিল করে তৃণমূল। সম্প্রতি পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ট্যুইটে সরব হয়েছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।




