খবর লাইভ : দেশের উন্নয়নে কেন্দ্র ও রাজ্যের একযোগে কাজ করা উচিত বলে নীতি আয়োগের বৈঠকে সওয়াল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একইসঙ্গে কেন্দ্রীয় বাজেটের সঙ্গে সামঞ্জস্য রেখে রাজ্যের বাজেট করা উচিত বলেই মনে করেন তিনি।
শনিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে নীতি আয়োগের বৈঠকে যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, ‘করোনা মোকাবিলায় কেন্দ্র-রাজ্য হাতে হাত রেখে কাজ করেছে। যৌথভাবে কাজ করায় সাফল্য এসেছে।’ একইসঙ্গে প্রধানমন্ত্রীর অভিমত, ‘কেন্দ্রীয় বাজেটের সঙ্গে সামঞ্জস্য রেখেই বাজেট করুক রাজ্য।’ তিনি এদিন বলেন, ‘রাজ্যের সার্বিক উন্নতিতে গুরুত্ব দিয়েই পরিকল্পনা করা হচ্ছে। উন্নয়নই প্রাথমিক লক্ষ্য কেন্দ্রীয় সরকারের। কর্পোরেট কর কমার সুবিধা নিক রাজ্য।’ প্রধানমন্ত্রীর কথায়, ‘গরীবদের জীবনযাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। উন্নয়নে বেসরকারি ক্ষেত্রের গুরুত্বপূর্ণ অবদান আছে।’
তবে প্রধানমন্ত্রীর বাজেট তত্ত্বকে মোটেও ভালো চোখে দেখছে না কংগ্রেস ও তৃণমূল। কংগ্রেসের কটাক্ষ, ‘প্রধানমন্ত্রীর প্রস্তাব সংবিধান বিরোধী।’ একইভাবে তৃণমূলের মত, ‘কেন্দ্রীয় বাজেটের আদলে রাজ্য বাজেট যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী।’



