খবর লাইভ : লক্ষ্য বাংলার ভোট। বাঙালির মন জয়। জাতীয় গ্রন্থাগারে স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানে এসে ফের বাংলার মণীষীদের অবদানের কথাই তুলে ধরলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে উঠে এসেছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদানের কথা। তিনি বলেন, ‘অনেক চেষ্টা হয়েছিল দেশনায়কের অবদানকে ভুলিয়ে দেওয়ার। লোকপ্রিয় নেতা ছিলেন সুভাষচন্দ্র। গান্ধিজির প্রার্থীর বিরুদ্ধে লড়েছিলেন। নেতাজির অবদানকে ভোলা যাবে না। তাই তাঁর ১২৫ তম জন্মবার্ষিকী কেন্দ্র পালন করছে।’ এদিন শহিদ ক্ষুদিরামের কথাও স্মরণ করেন অমিত শাহ। বলেন, ‘আমরা ক্ষুদিরামের মত বিপ্লবীদের অবদানকেও স্মরণ করছি। হাসতে হাসতে ফাঁসির মঞ্চে ওঠা সহজ নয়।’ ফের একবার নেতাজির অবদানের কথা স্মরণ করে শাহ জানান, ‘কেরিয়ারের কথা যদি সত্যিই ভাবতেন সুভাষবাবু, তাহলে কে দিত স্বাধীনতা আন্দোলনের প্রেরণা?’ এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিপ্লবীদের স্মরণ করেন, শ্রদ্ধা করেন, এমন যুবপ্রজন্ম চাই। স্বাধীনতা আন্দোলনে অনেকে সর্বস্ব সঁপে দিয়েছেন। সবার বলিদানের জোরে আজ ভারত স্বাধীন।’
উল্লেখ্য, এর আগেও রাজ্য সফরে এসে বাংলার মণীষীদের অবদানের কথা তুলে ধরেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।



