খবর লাইভ : জম্মু-কাশ্মীরে বড়সড় সাফল্য পেল ভারতীয় সেনাবাহিনী। জম্মু-কাশ্মীরের সোপিয়ানে সেনাবাহিনীর সঙ্গে রাতভর সংঘর্ষে খতম হল ৩ লস্কর জঙ্গি।
সেনা সূত্রে খবর, সোপিয়ান জেলার বাদগাম এলাকায় লস্কর জঙ্গিদের লুকিয়ে থাকার আগাম খবর পায় সেনাবাহিনী। তারপর বৃহস্পতিবার গভীর রাতেই ওই এলাকায় অভিযান চালায় সেনা-পুলিশের যৌথবাহিনী। তারা গোটা এলাকা ঘিরে ফেললে আড়াল থেকে গুলি ছুঁড়তে শুরু করে জঙ্গিরা। নিরাপত্তারক্ষীরাও পাল্টা গুলি ছোঁড়ে। শুরু হয় জোর গুলির লড়াই। শুক্রবার সকাল পর্যন্ত লড়াই চলে এবং তিন জঙ্গি খতম হয়। কাশ্মীর পুলিশের আইজি বিজয় কুমার জানিয়েছেন, এখনও পর্যন্ত তিন জঙ্গির মৃতদেহ পাওয়া গিয়েছে। নিহতরা প্রত্যেকেই পাকিস্তানের মদতে চলা জঙ্গি সংগঠন লস্কর–ই–তৈবার সদস্য। ঘটনাস্থল থেকে বেশকিছু অস্ত্রও পাওয়া গিয়েছে।



