খবর লাইভ : করোনার বাড়বাড়ন্তে উদ্বিগ্ন স্বাস্থ্যমন্ত্রক। জনসাধারণকে টিকা গ্রহণের পাশাপাশি কোভিড নিয়মকানুন মানতে বলছে সরকার। এসবের মধ্যেই ধরা পড়ল স্বাস্থ্য বিভাগের চূড়ান্ত গাফিলতি। একই মহিলাকে দু-দুবার করোনা ভ্যাকসিন দিলেন ফোনে গল্পে ব্যস্ত নার্স! যোগী রাজ্যের কানপুরের দেহাতের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
সংবাদমাধ্যম সূত্রে খবর, মণ্ডলি পিএইচসি- তে কর্তব্যরত একটি স্বাস্থ্যকেন্দ্রে ভ্যাকসিন দেওয়ার দায়িত্ব দেওয়া হয়। অভিযোগ টিকা দেওয়ার সময় ফোনে ব্যস্ত ছিলেন ওই নার্স। যার ফলে কমলেশ দেবী নামে এক মহিলাকে একবারের পরিবর্তে দুবার টিকা দিয়ে ফেলেন তিনি। মুহূর্তে তাঁর হাত ফুলে যায়। শুরু হয় যন্ত্রণা। কেন দুবার ভ্যাকসিন দেওয়া হল? এর উত্তরে নার্সের অকপট স্বীকারোক্তি, ভুলবশত দুবার টিকা দেওয়া হয়ে গিয়েছে। এখানেই শেষ নয়। কথায় বলে, ‘চোরের মায়ের বড় গলা।’ তেমনই ওই নার্স উল্টে কমলেশ দেবীকেই বকাঝকা করতে থাকেন বলে অভিযোগ।
এই গাফিলতির দায় অবশ্য নিতে নারাজ স্বাস্থ্য বিভাগ। জেলার মুখ্য চিকিৎসা আধিকারিকের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলেও তিনি কোনও জবাব দিতে চাননি।



