খবর লাইভ : বোমার আঘাতে জখম রাজ্যের শ্রম রাষ্ট্রমন্ত্রী জাকির হোসেনের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। এসএসকেএম হাসপাতাল সূত্রে এই খবর পাওয়া যাচ্ছে। হাসপাতাল সূত্রে খবর, মন্ত্রীর সঙ্কট আপাতত সামাল দেওয়া গিয়েছে। তবে তাঁর বাঁ পায়ে হাঁটু থেকে গোড়ালি পর্যন্ত একাধিক আঘাত রয়েছে। গোড়ালির হাড়ও ভেঙেছে। উড়ে গিয়েছে হাতের একটি আঙুল। বৃহস্পতিবার জাকিরের অস্ত্রোপচার হয়। তিনি সিসিইউতে ভর্তি রয়েছেন। আরও ২৪ ঘণ্টা চিকিৎসকদের নজরদারিতে থাকবেন মন্ত্রী। এরপর প্লাস্টিক সার্জারি বিভাগের অভিজ্ঞ চিকিৎসকরা তাঁর ক্ষতিগ্রস্ত অঙ্গের চিকিৎসা ও পুনর্গঠন পর্ব শুরু করবেন। প্রাথমিকভাবে মন্ত্রীর দেহের তিন জায়গায় প্লাস্টিক সার্জারির পরিকল্পনা আছে। বাঁ পায়ের গোড়ালির উড়ে যাওয়ার অংশ কোষ ও টিস্যু প্রতিস্থাপন করে পুনর্গঠন করা হবে। হাত থেকে ধমনী কেটে নিয়ে পায়ের ধমনীতে মেরামত করা হয়েছে। বুড়ো আঙুলের প্লাস্টিক সার্জারি করা হয়েছে। পাশাপাশি মন্ত্রীর পায়ের ত্বকও কিছুটা জোড়া লাগানো হয়েছে।
অন্যদিকে, মন্ত্রী জাকির হোসেনের ওপর হামলার পর তাঁর নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেট ক্যাটাগরির নিরাপত্তা পেতে পারেন জাকির হোসেন।



